কুষ্টিয়া,বৃহস্পতিবার ১২ নভেম্বর:
কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় টিনশেড বাড়ির ১০টি কক্ষের মধ্যে সাতটি পুড়ে গেছে। পাশাপাশি আগুনে দুটি ছাগল ও ৫০ থেকে ৬০টি মুরগি মারা গেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১২টার দিকে উপজেলার ডাংমড়কা এলাকার বাগুয়ান গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর সকালে ঢাকা থেকে গ্রামের বাড়িতে পৌঁছান সংসদ সদস্য নুসরাত তাবাসসুম।
নুসরাত তাবাসসুম বলেন,বাড়িতে থাকা সিসিটিভি ফুটেজ দেখে তাঁর ধারণা, পেছনের দিক থেকে চারবার আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। তাঁর দাবি, পেট্রল বোমা নিক্ষেপ করে আগুন লাগানো হয়েছে। কারও সঙ্গে ব্যক্তিগত শত্রুতা নেই উল্লেখ করে তিনি ঘটনাটিকে রাজনৈতিক নাশকতা বলে মনে করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে,রাতের দিকে হঠাৎ কয়েকটি বিকট শব্দ শোনা যায়। পরে টিনশেডের বাড়ির গরু ও ছাগল রাখার ঘরে আগুন জ্বলতে দেখেন তাঁরা। আগুন ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ছুটে এসে তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রতিবেশী ও স্থানীয়রা জানান,গরু-ছাগলের পাশাপাশি বাড়িটিতে তাদের কেয়ারটেকার শাহ আলম স্ত্রী-সন্তানদের নিয়ে বসবাস করেন। এর পাশেই রয়েছে তিনতলা একটি ভবন। ওই ভবনের তৃতীয় তলায় নুসরাত তাবাসসুমের পরিবারের সদস্যরা বসবাস করেন।
নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিম বলেন, রাতে পরিবারের সদস্যরা খাবার খেয়ে বসে গল্প করছিলেন। এ সময় বিকট শব্দে তাঁদের ঘরের জানালা কেঁপে ওঠে। পরে আগুন লাগার খবর পান তাঁরা। এটি তাঁদের পৈতৃক বাড়ি। এ ঘটনায় তাঁরা আইনগত ব্যবস্থা নেবেন।
বাড়িতে বসবাসকারী কেয়ারটেকার শাহ আলম জানান,রাতে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে ছিলেন তিনি। কয়েকটি বিকট শব্দ শোনার পর ঘরে আগুন দেখতে পান। পরে স্থানীয় লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন।
ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সফিকুল ইসলাম বলেন,খবর পেয়ে রাত ১২টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
পুলিশ বলছে, তারা এখন পর্যন্ত পেট্রোল বোমা হামলার কোনো আলামত পাননি। তবে এটি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়েছে নাকি তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি এখন তদন্ত পর্যায়ে রয়েছে এ ব্যাপারে বিস্তারিত পরে জানাবেন।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, ঘরটি মূলত গরু রাখার স্টোরজাতীয় একটি ঘর। রাতে সংসদ সদস্য তাঁকে ফোন করে বাড়িতে আগুন লাগার বিষয়টি জানান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি আরও জানান,সংসদ সদস্যের পরিবারের কোনো সদস্যের ক্ষতি হয়নি। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজে রাত ১২টা ১০ মিনিটের দিকে বাড়িতে আগুন জ্বলতে দেখা গেছে। তবে এখন পর্যন্ত পেট্রোল বোমা হামলার কোনো আলামত পাওয়া যায়নি। ঘটনাটি তদন্তাধীন রয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
মন্তব্য করুন