কুষ্টিয়া সরকারি কলেজের ক্যাম্পাস মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন সদস্য। ঘটনার পর তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তবে পুলিশের পক্ষ থেকে ঘটনাটিকে ভুল বোঝাবুঝি বলে দাবি করা হয়েছে।
মঙ্গলবার রাত ৯টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ডিবি পুলিশের এসআই জনি, এসআই জিহাদ ও কনস্টেবল ইমরান।
সূত্র জানায়, মঙ্গলবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান চালাতে কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে যায়। এ সময় সেখানে পুলিশের সদস্যদের সঙ্গে অপ্রীতিকর ঘটনা ঘটে এবং তারা হামলার শিকার হন। পরে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
সরেজমিনে রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে ডিবি পুলিশের সদস্যদের চিকিৎসা নিতে দেখা যায়। চিকিৎসা শেষে তারা হাসপাতাল ত্যাগ করেন।
এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইকবাল হাসান বলেন, ‘শুনেছি পুলিশ সদস্যরা চিকিৎসা নিয়েছেন। তবে হাসপাতালের রেজিস্ট্রার খাতায় তাদের নাম উল্লেখ নেই।’
ঘটনায় কারা জড়িত, কী কারণে পুলিশের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল লতিফ টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘আমি ঘটনাটি শুনে রাত ১০টার দিকে ক্যাম্পাসে গিয়েছিলাম। কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানতে পেরেছি।’
কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, ‘আমি পুরো ঘটনা জানি না। আমার অফিসাররা সেখানে গেছেন। জেনে পরে জানাব।’
মন্তব্য করুন