প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ
Mar 29, 2026 ইং
কুষ্টিয়ায় আ.লীগ নেতা গুলিবিদ্ধ

কুষ্টিয়ার মিরপুরে দুর্বৃত্তের গুলিতে শফিকুল ইসলাম আজম (৪৮) নামে এক আওয়ামী লীগ নেতা গুরুতর আহত হয়েছেন।
রোববার (২৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সদরপুর বাজারে এ ঘটনা ঘটে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আজম উপজেলার আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও একই এলাকার মৃত আবুল মণ্ডলের ছেলে।
মুমূর্ষ অবস্থায় কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার সদরপুর বাজারে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ৩ রাউন্ড গুলির খোসা ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে। এছাড়া সেখান থেকে একটি পরিত্যক্ত মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় সদরপুর বাজারে নিজস্ব তামাক গুদামে বসেছিলেন শফিকুল ইসলাম আজম। হঠাৎ করে কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পেয়ে আশপাশের লোকজন ছুটে গিয়ে আজমকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়রা আরও জানান, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আজম কিছুদিন গা ঢাকা দিয়েছিলেন। পরে তিনি প্রকাশ্যে ব্যবসা-বাণিজ্য চালিয়ে আসছিলেন।
ওসি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৩ রাউন্ড গুলির খোসা, একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এসময় সেখান থেকে একটি পরিত্যক্ত মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা এই মোটরসাইকেলটি ফেলে গেছেন। কারা, কি কারণে আজমকে গুলি করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে।’
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Satto Khobor