কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৩টি ককটেলসহ মহিবুল মন্ডল (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।
মহিবুল মন্ডল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চল্লিশপাড়া গ্রামের আজিত মন্ডলের ছেলে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে চল্লিশপাড়া বিওপির সীমান্ত পিলারের পার্শ্ববর্তী বাংলাদেশ অংশে অভিযান চালিয়ে ৩টি ককটেলসহ মহিবুল মন্ডলকে আটক করা হয়।
বিজিবি জানায়, মহিবুল মন্ডলের বিরুদ্ধে মামলা দায়ের করে জব্দ করা ককটেলসহ তাকে দৌলতপুর থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। সীমান্তে নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক, বিস্ফোরক দ্রব্যসহ সব ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ।
আপনার মতামত লিখুন :