ছবি:
কুষ্টিয়ার খোকসায় খাল খনন প্রকল্পে হামলা, বেঁধে রেখে দুই এক্সক্যাভেটরে আগুন
Share:
কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা ইউনিয়নের খানপুর এলাকায় বুধবার গভীর রাতে সরকারি খাল খনন প্রকল্পে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। মুখোশধারী ১০ থেকে ১৫ জন দুর্বৃত্ত চালক ও নৈশ্যপ্রহরীকে বেঁধে রেখে দুটি এক্সক্যাভেটর মেশিনে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি ৪০ দিনের কর্মসূচির আওতায় মোড়াগাছা হাসিমপুর খালে খনন কাজ চলছিল। গড়াই নদীর সঙ্গে সংযোগ স্থাপনের জন্য প্রায় ৩০০ মিটার খনন বাকি ছিল।
প্রত্যক্ষদর্শী নৈশ্যপ্রহরী মো. বিদ্যুৎ জানান, রাত আনুমানিক একটার দিকে ইজিবাইকে করে আসা মুখোশধারীরা তাদের ওপর হামলা চালায় এবং অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে। পরে ব্যাটারী খুলে তেল ঢেলে দুটি এক্সক্যাভেটরে আগুন ধরিয়ে দেওয়া হয়।
হামলার সময় একটি মোটরসাইকেল, ব্যাটারী এবং দুটি মোবাইল ফোনও লুট করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এতে প্রকল্পের যন্ত্রপাতি সম্পূর্ণভাবে পুড়ে যায়।
স্থানীয়রা জানান, খাল খনন হলে কৃষি উৎপাদন ও পানি ব্যবস্থাপনায় উপকার হতো। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, কাজ শেষের পর্যায়ে থাকা অবস্থায় এ ধরনের হামলা ঘটেছে এবং বিষয়টি তদন্তাধীন। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জানিয়েছেন, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে।
আপনার মতামত লিখুন :